টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এছাড়াও তারা প্রতিষ্ঠানের অফিসকক্ষে শিক্ষকদের তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। অতিরিক্ত টাকার লোভে ইচ্ছে করে তাদের ফেল করানো হয়েছে ও পুনরায় তাদের খাতা মূল্যায়ন করে ফরম পূরণের দাবিতে এমন কর্মসূচি পালন করেছে তারা।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সখীপুর- সাড়রদিঘী সড়কের বড়চওনা বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষকদের তালাবাদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়ার বিরুদ্ধে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ৫০ জনের কাছ থেকে ফরম পূরণের কথা বলে ৮ থেকে ১০ হাজার করে টাকা নেয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
পরে খবর পেয়ে সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ও ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং শিক্ষকদের মুক্ত করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনরত অকৃতকার্যকারী শিক্ষার্থীদের দাবি মোতাবেক তাদের সামনে খাতা পুনরায় মূল্যায়ন করা হবে এমন আশ্বাস দিলে আন্দোলন তুলে নেয় শিক্ষার্থীরা।
জানা যায়, উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় নতুন ও পুরাতন মিলে ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১২জন নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হয় এবং বাকি ৯৩ জনই এক থেকে একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। এতে করে ওই বিদ্যালয়ের ১২ জন পরীক্ষার্থী বাদে বাকি ৯৩ জনের ফরম পূরণের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে অকৃতকার্য ৯৩ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, নির্বাচনী পরীক্ষায় ১০৫ জন শিক্ষার্থী অংশ নিলেও প্রধান শিক্ষক অকৃতকার্যদের কাছ থেকে টাকা আদায়ের কৌশল হিসেবে মাত্র ১২ জনকে পাস করিয়েছেন। কোনো কোনো শিক্ষার্থী এক বিষয়ে পাস নম্বরের চেয়ে এক বা দুই কম পেলেও তাদেরকে শুধু টাকা আদায়ের জন্য অকৃতকার্যের তালিকায় রেখেছে বলে অভিযোগ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
