এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগে ফের সভা!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগে ফের সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

বুধবার এ সংক্রন্ত নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, এর আগে গত ২ অক্টোবর মানসম্মত প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগ নিয়ে সভা হয়েছিলো। শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে ওই সভায় বেশিরভাগ কর্মকর্তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে চালানোর পক্ষে মত দেন।

আগামী ২১ নভেম্বর ফের এ সংক্রান্ত সভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, এনটিআরসিএর চেয়ারম্যান, ব্যানবেইসের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বলা হয়েছে।

জানা গেছে, গত ২ অক্টোবর কর্মশালায় মানসম্মত প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে দিতে আইন সংশোধন করা প্রয়োজন বলে জানানো হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের মতামত দিয়েছেন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করেই কর্মশালা শেষ হয়েছে।

এনটিআরসিএর আইনের একটি খসড়া বর্তমানে পরিমার্জন করা হচ্ছে। পরিমার্জনের পর তা কেবিনেটে পাঠানো হবে। কেবিনেটে অনুমোদন পেলে তা বিল আকারে সংসদে উঠবে। আইন সংশোধন সময়সাপেক্ষ বিষয়। তাই এনটিআরসিএ আইনে অধ্যক্ষ-প্রধান-সহকারী প্রধান নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত করার আগে পর্যন্ত আগের মতোই কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগ দিতে হবে বলে মত দিয়েছেন কেউ কেউ। তবে কমিটির মাধ্যমে নিয়োগ হলেও বিদ্যমান যে বিধি রয়েছে তা পরিমার্জন করা হতে পারে। এমনটাই মত দিয়েছেন কর্মকর্তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.