এইমাত্র পাওয়া

সার্টিফিকেট জালিয়াতি: অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন মুজিবুর, তদন্তের নির্দেশ!

বরিশালঃ  জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: মুজিবুর রহমান সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একটি স্মারকে ১৫ কর্মদিবসের মধ্যে সরজমিন তদন্ত-পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সহ দুইজন সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, মিলি বেগম নামের এক নারী মহা-পরিচালক শিক্ষা অধিদপ্তর বরাবর বাদলপাড়া কলেজের অধ্যক্ষ মো: মুজিবুর রহমান বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। মো: মুজিবুর রহমান নিয়োগের শর্ত ভঙ্গ করে ২০০৩ সালের ১ নভেম্বর শিয়ালঘুনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ১২ বছরের অধিক সময় চাকরি করেছেন। এছাড়াও পরবর্তীতে ২০১৭ সালের ১৮ নভেম্বর পূর্বের কলেজের শিক্ষক নিবন্ধন দিয়ে অভিজ্ঞতা দেখিয়ে ২০১৮ সালের ২ এপ্রিল বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২০১৮ সালের ৪ এপ্রিল অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, শিয়ালঘুনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নিয়োগের শর্ত অনুযায়ী, ইংরেজিতে মাস্টার্স দ্বিতীয় বিভাগে পাস করার কথা থাকলেও তিনি সার্টিফিকেটে জালিয়াতি মাধ্যমে দ্বিতীয় বিভাগ তৈরি করে কলেজে যোগদান করেন। ওই কলেজে যোগদান করে শিক্ষক হিসেবে যে নিবন্ধন পেয়েছেন তা সম্পূর্ণ অবৈধ। সেই অবৈধ নিবন্ধন দিয়ে বাদলপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ নেয়ায় কলেজ থেকে চাকরিচ্যুত করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী মিলি বেগম।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুকলা রানী হালদার জানান, বাদলপাড়া কলেজের অধ্যক্ষ মো: মুজিবুর রহমানের বিষয়ে তদন্ত শেষ করেছি। অভিযোগের সত্যতা মিলেছে। দুই একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হবে।

এ বিষয়ে বাদলপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান জানান, এ বিষয়ে সাংবাদিকদের কাছে বলার কিছু নেই। আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে অফিসিয়ালভাবে আমি জবাব দেব। সূত্রঃ জনকণ্ঠ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.