শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তবে শিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন তারা।

শনিবার রাতে রাজধানীর হেয়ার রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় শেষে সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় জানিয়েছেন আমাদের দাবিগুলো খুবই বাস্তবায়নযোগ্য; তবে একটু সময় লাগবে। এছাড়াও সামনে জাতীয় নির্বাচন এবং নির্বাচনের আগে হয়তো সবগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আজকের আলোচনায় খুবি স্যাটিসফাইড; আমরা আশা করছি, আমাদের দাবিগুলো পূরণ হবে। আজকের সবগুলো বিষয় আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। গত ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষকরা টানা তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবি আদায় না হওয়ায় আগামী ১৭ ও ১৯ অক্টোবর আবার দুইদিনও কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। এর আগে গত ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- প্রাপ্যতা সাপেক্ষে সকল যোগ্য কর্মকর্তার পদোন্নতি, পদসৃষ্টি, স্কেল আপগ্রেডেশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহারের দাবিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.