নওগাঁঃ জেলার আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আবুল হোসেন বিকেলে উপজেলার জগদাস উচ্চবিদ্যালয় থেকে ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পাঁচপুর মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে মারপিট করে। এ সময় তারা শিক্ষকের দুই পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন, স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার বলেন, শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামড়ার সঙ্গে লেগে আছে। তার পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সংবাদ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনপর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
