সিলেটঃ আমাদের শিক্ষার্থীরা অনেকেই বিদেশে পিএইচডি করতে চলে যাচ্ছে। তাদের ধরে রাখতে হলে পিএইচডি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এপিএ কমিটির আয়োজিত তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষকের পিএইচডি ফেলো থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের গবেষক হিসেবে তৈরি করতে হবে। তবে অনেকে বলবে আমাদের দেশ থেকে শিক্ষার্থী বিদেশে পিএইচডি করতে চলে যাচ্ছে, আমার কীভাবে তাদের ধরে রাখব। এজন্য পিএইচডি শিক্ষার্থীদের জন্য আমাদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। তাই দেশের সম্পদ কেমন আছে না আছে সেটার ওপর জোর না দিয়ে নিজেদের কাজ ও দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবির প্রশংসা করে ড. আলমগীর বলেন, ‘নিজেদের কীভাবে পরিবর্তর করতে হয়, দেশের জন্য ভূমিকা রাখতে হয় তা শাহজালাল বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে। কারণ গতবছর ইউজিসির মূল্যায়নে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৩৬তম। কিন্তু এ বছর তারা ইউজিসির সব লক্ষ্যমাত্রা পূরণ করে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। তাই আমি বলব, আমাদের যে রিসোর্স আছে তা কাজে লাগিয়ে দেশের পরিবর্তনে কাজ করতে হবে।’
তথ্য মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে জানিয়ে তিনি বলেন, ‘২০০৯ সালে আমাদের দেশে তথ্য অধিকার আইন পাস হয়। এটি দেশের জন্য অনেক গুরুত্ব বয়ে নিয়ে আসছে। তথ্য অধিকার বাস্তবায়নের ফলে যেকোনো প্রতিষ্ঠান সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে থাকে। আশা করি এ বিশ্ববিদ্যালয় তাদের গুনগত কাজের জন্য অনেকদূর এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে সভাপতির শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
