৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন‌ কালো তালিকাভুক্ত ৩৯ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা করায় পরীক্ষকের দায়িত্বে থাকা ৩৯ জন শিক্ষককে ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে ঢাকা বোর্ড।

বোর্ড সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করেন বহু পরীক্ষার্থী। এর মধ্যে ১১ হাজার ৩৬২ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আগে ফেল করেছেন এমন দুই হাজার ২১২ জন পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮১১ জন। এমনকি প্রথমে ফেল করা ৬ জন পরবর্তীতে জিপিএ-৫ পেয়েছেন। এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফল প্রথমবার ‘ভুল’ আসার পেছনে পরীক্ষকদের গাফিলতির বিষয়টি চিহ্নিত করা হয়েছে।

এর আগে, গাফিলতির কারণে ২০১৯ সালে এক হাজার পরীক্ষককে শাস্তির আওতায় আনা হয়। তাদের কালো তালিকাভুক্তির পাশাপাশি বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, চলতি বছর পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের সংখ্যা বেশি হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে সব বোর্ড থেকে তথ্য চেয়েছি। এই তথ্য বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করা হয়েছে। তারা আগামী ৫ বছর বোর্ডের সব কার্যক্রমে নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ পরীক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.