ভিকারুননিসায় হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল করতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বিধি মোতাবেক জ্যেষ্ঠতম শিক্ষক হাসিনা বেগমকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে তাকে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব প্রদান না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার (২৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

পিটিশনে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ মোট ৪ (চার) জনকে বিবাদী করা হয়েছিল।

রিটকারী জনাবা হাসিনা বেগম-এর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন রিটকারী জনাবা হাসিনা বেগম ভিকারুননিসা নূন স্কুলে এন্ড কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক এবং শিক্ষা মন্ত্রণালয়ের ০৬/০৬/২০১১ এবং ০৯/০৭/২০১২ খ্রি. তারিখের পরিপত্র সমূহ অনুযায়ী প্রতিষ্ঠানের অধ্যক্ষের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতম শিক্ষকই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার পালন করবেন। ফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষের অনুপস্থিতিতে জনাবা হাসিনা বেগম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার পালন করার কথা থাকলেও, ভিকারুননিসা নূন স্কুলে এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব জনাবা কামরুন নাহার সকল আইন-কানুন লঙ্গণ করে সম্পূর্ণ অবৈধভাবে জনাবা কেকা রায় চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করায় রিটকারী উক্ত রিট পিটিশন দায়ের করেন। অদ্য প্রাথমিক শুনানি শেষে মহামান্য আদালত উল্লেখিত আদেশ প্রদান করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.