রাজধানীতে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

ঢাকাঃ রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারেক মাহমুদ জুয়েল নামে এক চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী।

রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তারেক মাহমুদ জুয়েল নামে এক চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী।

শনিবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে খিলগাঁও সি-ব্লকে এ ঘটনা ঘটে। জুয়েলের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।

খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মীর নাসির উদ্দিন জানান, শনিবার স্কুলটিতে বস্ত্র অধিদফতরে চাকরিপ্রার্থীদের পরীক্ষা ছিল। সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। স্কুলটির ৩ নম্বর ভবনের তৃতীয় তলায় আসন ছিল জুয়েল নামে ওই যুবকের। সকাল ১০টা ৫০ মিনিটে কক্ষ থেকে বের হয়ে তিনি তৃতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়েন। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান এবং পায়ের এক্স-রে করানো হয়েছে। বড় ধরনের কোনো ইনজুরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একেবারে শেষের দিকে হওয়ায় এবং পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা থেকে সে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে। তবে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে জুয়েলের বড় ভাই সোলাইমান আলী জানান, গ্রামে কৃষিকাজ করেন জুয়েল। বস্ত্র অধিদফতরে ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন। জুয়েলের ফোন থেকেই তিনি খবর পান, ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন জুয়েল। কী কারণে জুয়েল আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন, সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.