খাগড়াছড়িঃ জেলা সদর থেকে ৭২ কিলোমিটার দূরে ভূদং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১১০ জন। মানিকছড়ি উপজেলার দুর্গম এই বিদ্যালয়ে রয়েছেন মাত্র ২ জন শিক্ষক। প্রাক প্রাথমিকসহ ৬ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। দাপ্তরিক কাজে একজন শিক্ষক উপজেলা সদরে গেলে একজন শিক্ষকই পুরো বিদ্যালয়ে পাঠদান করান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাইলা মারমা বলেন, ২০১৬ সাল থেকে আমি এখানে শিক্ষকতা করছি। সকালের শিফটে তিনটা ক্লাস। কিন্ত শিক্ষক দুই জন। বাধ্য হয়ে দুইটা ক্লাসের শিক্ষার্থীদের একসাথে পাঠদান করানো হচ্ছে। সহকারী শিক্ষক মোহাম্মদ মারেফাতুল ইসলাম ভূঁইয়া জানান, আমি চলতি বছরের জুনে এখানে যোগদান করেছি। আমি আর আমার প্রধান শিক্ষক মিলে আছি দুজন। সারাদিনই আমাদের পাঠদান করাতে হয়। শিক্ষার্থীর তুলনায় শিক্ষক খুবই কম। ১১০ জন শিক্ষার্থীকে দুই জন শিক্ষকের পক্ষে পাঠদান করানো সম্ভব না। পাঁচ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছি মাত্র দুই জন।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, পুরো জেলায় দুই জন শিক্ষক দিয়ে চলা বিদ্যালয়ের সংখ্যা ২৭টি। মানিকছড়িতে রয়েছে ৭টি। লক্ষীছড়ি উপজেলায় ৫টি, দীঘিনালায় ৫টি, পানছড়িতে ৩টি, মাটিরাঙায় ৪টি এবং রামগড়ের ৩টি বিদ্যালয়ে রয়েছেন মাত্র দুজন করে শিক্ষক।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরা জানান, জেলায় বিদ্যালয়ের সংখ্যা ৫৯৩। দ্রুত নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলোর শিক্ষকের শূন্য পদগুলো পূরণ না হলে পাঠদানের যে সংকট রয়েছে তা দূর হবে না। শূন্য পদে নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানাই।
শিক্ষক সংকট নিরসনে শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন। তিনি বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকগুলোতে শিক্ষক সংকট তীব্র। কোথাও কোথাও ২ জন মাত্র শিক্ষক দিয়ে পাঠদান করাতে হচ্ছে। দুর্গম এলাকায় যাতায়াতে যেমন সমস্যা হয় তেমনি নিরাপত্তার সংকটও রয়েছে। তারপরও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকেরা ঝুঁকি নিচ্ছেন। সহকারি শিক্ষকের প্রায় ৪২৭ পদ খালি রয়েছে। এছাড়া ৫৯৩ বিদ্যালয়ের মধ্যে ২৯৪টিতে প্রধান শিক্ষক নেই। মামলা সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে ২৫৮ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্থগিত রয়েছে। মামলা নিষ্পত্তি হলে নতুন শিক্ষক নিয়োগ হলে শিক্ষক সংকট অনেকটায় দূর হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
