যে কারণে বান্দরবান থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শিক্ষক

চট্টগ্রামঃ নগরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে এক স্কুল শিক্ষককে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে বান্দরবান সদর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান।

৩৪ বছর বয়সী ওই ব্যক্তি ২০১৮ সালের জুলাই থেকে নগরীর একটি স্কুলে খণ্ডকালীন শিক্ষকতা করে আসছিলেন।

পুলিশ কর্মকর্তা নোবেল চাকমা বলেন, গত শনিবার সন্ধ্যা থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে খুঁজে না পেয়ে তার বাবা রোববার কোতোয়ালি থানায় মামলা করেন। সেখানে স্কুলের ওই শিক্ষককে আসামি করা হয়।

মামলা হওয়ার পর পুলিশ সোমবার সকালে বান্দরবানে অভিযানে যায়। সদর উপজেলা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে ছাত্রীকে উদ্ধার করা হয়।

নোবেল চাকমা বলেন, “গ্রেপ্তার শিক্ষককে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।”

ভুক্তভুগী ছাত্রীর বাবার করা মামলায় বলা হয়েছে, গত শনিবার বিকালে বাসার কাছে প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। কিন্তু সন্ধ্যার পরও বাসায় ফিরে না আসায় তারা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে তারা জানতে পারেন, তাদের মেয়েকে ওই স্কুল শিক্ষক ‘ফুসলিয়ে’ নিয়ে গেছে। তখন তারা থানায় মামলা করেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক জানান, খণ্ডকালীন ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

পঞ্চম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালানোর বিষয়টি শুনে ‘স্তম্ভিত’ হয়েছেন জানিয়ে তিনি বলেন, “শনিবার রাতে বিষয়টি শুনে তার সাথে যোগাযোগের চেষ্টা করে পাইনি। পরে স্কুলের এক শিক্ষককে তার বাসায় পাঠিয়েছিলাম, তখন তিনি বাসায় ছিলেন না এবং রাতে বাসায় ফিরবেন না বলে জানিয়েছিলেন।

“রোববারও তার সাথে যোগাযোগ করে পাইনি এবং ছুটি না নিয়েই স্কুলে অনুপস্থিত ছিলেন। আজকে আমিও শুনেছি তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।”

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.