পোষ্য কোটায় ভর্তিতে শর্ত শিথিল চান ইবির কর্মকর্তারা

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিতে পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত শিথিলের দাবিতে কর্মবিরতি পালন করে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ শনিবার সকাল ৯টায় তারা কর্মবিরতি শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত চলে তাদের এ কর্মবিরতি।

কর্মকর্তাদের দাবি, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার ক্ষেত্রে সাধারণ আবেদনকারীর মতই শর্ত রাখা হয়েছে। তাহলে কোটাধারীদের কী সুবিধা দেওয়া হলো। পোষ্য কোটাধারী হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে ন্যূনতম যোগ্যতায় ভর্তি নিলে আহামরি কোনো ক্ষতি হবে না। আজ চতুর্থ দিনের মতো কর্মসূচি চলছে। দাবি না মানলে সামনে আরও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।

তথ্য মতে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যুনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে পরীক্ষায় ন্যুনতম পাস নম্বর (৩০) প্রাপ্ত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নৃ-গোষ্ঠী, উপজাতি, হরিজন দলিত জনগোষ্ঠী, খেলোয়াড় এবং পোষ্য কোটার শিক্ষার্থীদের বিভাগীয় শর্তপূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করার নির্দেশনা দেওয়া হয়। এর ফলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ পোষ্য কোটা থাকা সত্ত্বেও শর্তপূরণ না করতে পারায় তাদের সন্তানরা বিশেষ সুবিধায় ভর্তি হতে পারছেন না।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘পোষ্য কোটায় আমাদের ছেলে-মেয়েদের ভর্তি করাবো এটা আমাদের অধিকার। আমরা দীর্ঘদিন ধরে উপাচার্যের কাছে অনুরোধ করে আসছি। তাতে আমরা কোনো উল্লেখযোগ্য সমাধান পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের কাছে অনেকবার স্মারকলিপি দিয়েছি। তারা বিষয়টি আমলে নিচ্ছে না। সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে প্রশাসন চলুক এটাই আমাদের চাওয়া। আজকে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি চলবে। এছাড়া দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.