অভিনব প্রতিবাদ চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রতীকী কারাগার থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।

আজ শনিবার (০৫ আগস্ট) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঢাবির আইন অনুষদে বঙ্গবন্ধু ল কমপেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবি জানানো হয়।

দীর্ঘদিন ধরে এই তিনটি দাবি নিয়ে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু তাতে কোনো ফল না পাওয়ায় তারা এই অভিনব কর্মসূচি শুরু করেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা প্রায় ১০ বছর যাবৎ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীতকরণের দাবি জানিয়ে আসছে। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করা হবে কিন্তু ২০১১ সালে সরকারি চাকরি হতে অবসরের বয়স ২ বছর বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, কোনো কোনো দেশে তা উন্মুক্ত। ভারতে বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫-৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৩৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদশে এবং পাকিস্তানেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর।

তারা আরও বলেন, কোভিড-১৯ মহামারীর সময় প্রায় সকল চাকরির নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। পৃথিবীর অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি থাকার সত্ত্বেও করোনা মহামারীর কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা আরো ২-৩ বছর পর্যন্ত বাড়িয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদে ৭১ বার বয়সসীমা বৃদ্ধির দাবিটি উত্থাপিত হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।

সংগঠনের আহ্বায়ক শরিফুল হাসান শুভর সভাপতিত্বে ঢাবি শাখার সদস্যসচিব এ আর খোকনের সঞ্চালনায় প্রতীকী কর্মসূচিতে বিশেষ বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সদস্যসচিব মোহাম্মদ রাসেল, ঢাবি শাখার আহ্বায়ক সানোয়ারুল হক মনি, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক, সদস্য মো. সোহাগ প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.