নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বর্তমানে দেশের নারীরা সমাজের সব কাজেই নিজেদের যুক্ত করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, অনেক ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়েও এগিয়ে রয়েছেন।
“আমি বিশ্ববিদ্যালয়ে যতগুলো সমাবর্তনে অংশগ্রহণ করি, সেখানে দেখি পুরস্কার প্রাপ্তদের ৭০ শতাংশের মতোই নারী শিক্ষার্থী। সরকার নারীশিক্ষা নিশ্চিতে বৃত্তিসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে, ব্যবসাসহ নানা ক্ষেত্রে কাজ করতে গেলে এখনো নারীদের হাতে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা নেই। সেজন্য আমাদের আরও কাজ করতে হবে। আমি আশা করছি, নারীদের এগিয়ে যেতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এক্ষেত্রে এগিয়ে আসবে।”
মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্যান্টালে নারী উদ্যোক্তাদের কল্যাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ‘অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ফর এন্ট্রাপ্রেনিউরস’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মটি ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, নারীর এগিয়ে যাওয়া মানে সমাজের এগিয়ে যাওয়া। সেজন্য সমাজের সকল ক্ষেত্রে নারীর এগিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে। নারীর অগ্রগতির পথে এমন সব প্রতিবন্ধকতা দূর করতে হবে।
তিনি বলেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের মাধ্যমে নারীদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তবে, বিএনপি-জামায়াত জোট সে আইনকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগ সরকার আবারও এ সংক্রান্ত আইন ও নীতিমালা করে নারীকে এগিয়ে দিয়েছে। এছাড়াও নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
সমাজে নারীদের নিয়ে সচেতনতা বাড়ছে জানিয়ে তিনি বলেন, সরকার নারীদের মাতৃত্বকালীন ছুটি তিনমাস থেকে বাড়িয়ে ৬ মাস করেছে; যা প্রয়োজনীয় ছিল। গ্রামীণ জনপদ থেকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সরকার কাজ করছে।
শিক্ষার্থীদের সরকার নানাভাবে উদ্যোক্তা হতে উৎসাহ দেয় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে। আমাদের সমাজ ও রাষ্ট্র সফল উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাবে বলেও আশাবাদ জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

