প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া স্কুলের তালা না খোলার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবির ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ। এ সময় স্কুলের তালা খুলবে না বলে জানান শিক্ষক নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ১২ তম দিনে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন তিনি।

শেখ কাওছার আহমেদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বৈঠকে উপস্থিত হয়েছিলাম কিন্তু সেখানে গবেষণা করার জন্য কমিটি করার ঘোষণা ছাড়া আর কোন ধরণের ঘোষণা না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি। আমরা বলতে চাই, যে প্রক্রিয়া তিন শতাধিক মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে সেই একই প্রক্রিয়ায় জাতীয়করণ করা যায়। এর জন্য গবেষণার প্রয়োজন হয় না। আমাদের আন্দোলন দমাতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া স্কুলে ফিরব না, স্কুলের তালা খুলবে।

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে পারিনি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দফা ঘোষণা আশা করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে ৫টা মিনিট বসতে চাই। তাহলে সব সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয়করণের ঘোষণা দিলে আমরা রাজপথ ছেড়ে দেবো। এছাড়া স্কুলের তালা খুলবে না।

এ সময় বিটিএর নেতৃত্ব আন্দোলনে একাত্মতা প্রকাশ করা শিক্ষক সংগঠনগুলোর সমন্বয়ে একটি জাতীয় সংগ্রাম পরিষদ কমিটি ঘোষণা করা হয়।

অবস্থানরত শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করিয়েও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনে রয়েছে বিস্তর পার্থক্য। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানদের থেকে এক ধাপ নিচে বেতন দেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।

তাছাড়া, বিগত কয়েক বছর যাবত অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলেও প্রতিকার পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.