ঘুষের টাকা ফেরত দিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা

নাটোরঃ জেলার বড়াইগ্রামে দুটি স্কুল পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষকদের কাছ থেকে নেওয়া উৎকোচের ২০ হাজার টাকা ফেরত দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা শিক্ষক সমিতিসহ অন্যান্য শিক্ষকদের চাপে বাধ্য হয়ে বৃহস্পতিবার তার নিজ কার্যালয়ে এসব টাকা ফেরত দেন তিনি।

শিক্ষকদের কাছ থেকে উৎকোচ নেওয়া এবং বাধ্য হয়ে তা ফেরত দেওয়ার দুটি ভিডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান উপজেলার জালোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয় পরিচালনাসহ বিভিন্ন বরাদ্দে বাস্তবায়ন করা সংস্কার কাজে অহেতুক ত্রুটি ধরার চেষ্টা করেন। পরে সেসব ত্রুটির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকের কাছ থেকে ২০ হাজার টাকা উৎকোচ নেন। তবে জালোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা দেওয়ার সময় কেউ গোপনে বিষয়টি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও উপজেলা শিক্ষক সমিতির নেতাদের দিলে তারা শিক্ষা কর্মকর্তার কাছে এ টাকার বিষয়ে জানতে চান।

পরবর্তীতে হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টিও প্রকাশ হলে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষক নেতাদের চাপে বৃহস্পতিবার নিজ কার্যালয়ে জালোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খাতুন ও হারোয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রুপালী খাতুনকে ডেকে এনে তাদের টাকা ফেরত দেন।

টাকা ফেরত দেওয়ার সময় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক আজমা খাতুনসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন বলে ভিডিওতে দেখা যায়।

এ ব্যাপারে জালোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হাজেরা খাতুন বলেন, তিনি বিদ্যালয়ে এসে অহেতুক নানারকম ত্রুটি ধরে ১০ হাজার টাকা দাবি করেন। আমি বাধ্য হয়ে তাকে টাকাগুলো দেই। পরে তিনি আমাকেসহ আরেকটি স্কুলের শিক্ষককে ডেকে টাকাগুলো ফেরত দিয়েছেন। তবে এগুলো কে বা কারা ভিডিও করেছেন তা আমি জানি না।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি তথ্যটি সঠিক নয় দাবি করেন। তবে টাকা নেওয়া ও ফেরত দেওয়ার ভিডিও রেকর্ড আছে বলে জানালে তিনি ব্যস্ত আছেন বলে তড়িঘড়ি করে কল কেটে দেন।

প্রসঙ্গত, এর আগেও গত ১৭ মে যুগান্তরে মিজানুর রহমানের দুর্নীতির চিত্র তুলে ধরে ‘বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.