নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিদ্যুৎখাত নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে একজন উপসচিবের পর এবার এক অতিরিক্ত সচিবকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (২০ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রাক্তন প্রধান, অতিরিক্ত সচিব এস এম হামিদুল হককে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, হামিদুল হকের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর আগে, গত বুধবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক পরিচালক, উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তৈরি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ একটি ‘লুটেরা মডেল’।
যার পেছনে গত ১৪ বছরে ৯০ হাজার কোটি টাকার সমপরিমাণ ডলার গচ্চা গেছে। ক্যাপাসিটি চার্জের বর্তমান মডেল কোনোভাবেই টেকসই নয়।
ওই প্রতিবেদন আইএমইডির ওয়েবসাইটে প্রকাশের পর এ নিয়ে খবর প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে প্রতিবেদনটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-১ এর প্রধান, অতিরিক্ত সচিব হামিদুল হক এবং উপসচিব মাহিদুর রহমান এই প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
ওই প্রতিবেদন ধরে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনা হলে এই দুই কর্মকর্তাকে ওএসডি করে আইএমইডি থেকে অবমুক্ত করে সেখানে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
