নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও মূল বেতনের সঙ্গে ৫ শতাংশ বিশেষ প্রণোদনা স্বয়ংক্রিয়ভাবে বেতনের সঙ্গে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে শিক্ষক নেতারা বলেন, সরকার ঘোষিত সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ না থাকায় আমরা উদ্বিগ্ন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয়টি স্পষ্ট করা হলেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি উহ্য রাখা হয়েছে।
নেতারা বলেন, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের (বেতনের সঙ্গে) স্বয়ংক্রিয়ভাবে ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত না করা হলে তা হবে অমানবিক ও অদূরদর্শী সিদ্ধান্ত।
শিক্ষক নেতারা আরো বলেন, সম্পূর্ণ একই দায়িত্ব পালন করেও নানাভাবে বঞ্চনার শিকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এক রকম বিপর্যস্ত। নেতারা বর্তমানে চালু থাকা বার্ষিক প্রবৃদ্ধির মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ আর্থিক প্রণোদনার অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

