ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি ও বেসরকারি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে গত ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে। তিন দিনে এসব নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর মধ্যে তিনটি পাবলিক এবং দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। যোগদানকাল থেকে নিয়োগের মেয়াদ হবে চার বছর।
উপ-উপাচার্য নিয়োগের মাধ্যমে দুই দশক পর নতুন উপ-উপাচার্য পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. কবির হোসেন। সোমবার (১০ জুলাই) সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, শাবিতে ২০০২ সালে চারদলীয় জোট সরকারের আমলে প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি ২০০৩ সালের ২৭ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর নানা জটিলতায় প্রায় দুই দশক কেটে গেলেও এ পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল।
মঙ্গলবার (১১ জুলাই) বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক বিধান চন্দ্র দাস। একই দিন চট্টগ্রামের বেসরকারি চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল করিম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ। বুধবার (১২ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
ড. মোস্তফা ফিরোজ ১৯৯২ সালে প্রভাষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০৫ সালে প্রফেসর ও ২০১৭ সালে সিলেকশন গ্রেড প্রফেসর হন। তিনি ১৯৯৫ সালে উচ্চ শিক্ষার্থে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বুধবার (১২ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। ১৯৯৫ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর প্যাথলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৮ সাল থেকে অদ্যাবধি উক্ত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর। সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপ-উপাচার্যরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও নিয়োগ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
