রাজশাহী মেডিকেলে এমবিবিএস ফাইনালের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম ব্যাচে ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের হাতে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবীব।

এসময় উপাচার্য বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অতীতে দ্রুততার সঙ্গে ফলাফল ঘোষণা করেছে। এবারও পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা করেছে। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দ্রুত কর্মে ফিরতে পারবে। এছাড়া সেশন জটও কম হবে।

এমবিবিএস ফাইনাল প্রফে পাশ করা নবীন ডাক্তারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান রামেবির উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা. আনোয়ারুল কাদের, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মোসাদ্দেক হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো. জাকির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবার রামেবির প্রথম পেশাগত চূড়ান্ত পরীক্ষায় এক হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৭৮ জন। এতে পাসের হার ৭১ দশমিক ৭০ শতাংশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.