শরণখোলায় ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটঃ জেলার শরণখোলায় ডেঙ্গুতে কৌশিক নন্দী নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালে শরণখোলা থেকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কৌশিক নন্দী উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক সমীর নন্দীর ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রাতে জ্বরে আক্রান্ত হয় কৌশিক। পরদিন বিকালে তাকে রায়েন্দা নার্সিং হোমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলামের কাছে নিয়ে যান বাবা। চিকিৎসক রক্ত পরীক্ষা শেষে ডেঙ্গু পজিটিভ বলে জানান। পরে রক্তের প্লাটিলেট গণনা করার জন্য রায়েন্দা মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে পাঠালে ৯৮ হাজার সিএমএম ধরা পড়ে। এ অবস্থায় চিকিৎসক তাওহিদুল ইসলাম ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠালে রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেডিক্যাল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম বলেন, ‘৯৮ হাজার প্লাটিলেট থাকা রোগীর কোনও জটিলতা নেই বলে মনে করেছি। এ ধরনের প্লাটিলেট যুক্ত রোগী হাজারে দু’একজন দুর্ঘটনার শিকার হয়।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘৯৮ হাজার প্লাটিলেট থাকলে গুরুতর অসুস্থ ধরা হয় না। তবে চিকিৎসক তাওহিদুল ওই শিশুকে বাড়িতে না পাঠিয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দিতে পারতেন।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.