কক্সবাজারঃ জেলার পেকুয়া উপজেলায় ইজিপিপি প্লাস (কর্মসৃজন) প্রকল্পের অনুপস্থিত শ্রমিকদের দৈনিক হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে মজুরির টাকা লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. শরীফ। তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এদিকে অনুপস্থিত শ্রমিকদের দৈনিক হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে টাকা লুটের ঘটনা চাউর হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এলাকার সচেতন মহল অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ও সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পেকুয়া উপজেলার সাত ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য ইজিপিপি প্লাস প্রকল্পের কর্মসংস্থান কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ গত জুন মাসে সমাপ্ত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরীফের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে সীমাহীন অনিয়ম-দুর্নীতি, তালিকাভুক্ত অনুপস্থিত শ্রমিকদের মাস্টাররোলে উপস্থিত দেখিয়ে সরকারি টাকা হাতিয়ে নিলেও পেকুয়া পিআইও অফিস কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কর্মসৃজন প্রকল্পের তালিকাভুক্ত ১০ জন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিনিধিকে জানিয়েছেন, তারা চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ২১ দিনের মধ্যে ৫ দিনও কাজ করেননি। কাজ না করলেও ইউপি সদস্য মাস্টাররোলে তাদের হাজিরা দিয়েছেন। পরে মোবাইলে মজুরির টাকা এলে অনুপস্থিত শ্রমিকদের সবার কাছ থেকে ইউপি সদস্য প্রাপ্ত মজুরির অর্ধেক টাকা নিয়ে যান।
এসব অভিযোগের ব্যাপারে জানতে ইউপি সদস্য মো. শরীফের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, আমি আর্থিকভাবে স্বচ্ছল মানুষ। শ্রমিকের টাকা মেরে খাওয়ার দরকার হয় না।
অনুপস্থিত শ্রমিকদের মাস্টাররোলে হাজিরা দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো শ্রমিক এ ধরনের অভিযোগ প্রমাণ করতে পারলে আমি মেম্বারি ছেড়ে দেব। এসব আমার বিরুদ্ধে স্থানীয় একটি পক্ষের ষড়যন্ত্র।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৮ নম্বর ওয়ার্ডে শ্রমিকদের মজুরি এবং প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না খোঁজ নিয়ে দেখব।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
