সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক রংপুর অঞ্চলঃ নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্তের মামলায় গ্রেফতারকৃত আসামী আনোয়ারুল আজিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কামারপুকুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সৈয়দপুর থানার উপ পরিদর্শক আবু তারেক দিপু ও সহকারি উপ পরিদর্শক মাসুদ রানা। তাদেরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মামলার সূত্র মতে, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল কামারপুকুর বাজারের দিদারুল ইসলামের ছেলে আনোয়ারুল আজিম (২৩)। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠকও হয়।
সম্প্রতি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয়পক্ষের সামনে উত্যক্তকারী আর ওই ছাত্রীকে উত্যক্ত করবেনা বলে মুচলেকাও দেয়। কিন্ত তারপরও থেমে থাকেনি আনোয়ারুল আজিমের (২২) কুকর্ম। স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতে থাকে সে। এছাড়া মেয়েটির ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভূয়া আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ছবি পোস্ট করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আবু তারেক দিপু তাৎক্ষনিক পুলিশ সদস্যদের নিয়ে আসামী আনোয়ারুল আজিমকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের ওই দুই কর্মকর্তা আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামীসহ তাঁর দুই সহযোগিকে আটক করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম (৫০) ও নাঈম ইসলাম মিশু (২০) নামে দুইজনকে আটক রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
