এইমাত্র পাওয়া

প্রাইভেট না পড়ায় ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ

নরসিংদীঃ বলার পরেও ওই শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে মানসিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নরসিংদীর বিয়াম জেলা স্কুলের মো. জহিরুল ইসলাম ও মো. ইকবাল হোসেন নামে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রীর মা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা রোববার (২৫ জুন) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, নরসিংদী বিয়াম জেলা স্কুলের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম (গণিত ও বিজ্ঞান বিভাগ) ও মো. ইকবাল হোসেন (ইংরেজি বিভাগ) পুরো স্কুলের ক্লাস নেন। শিক্ষকদ্বয় অভিযোগকারীর মেয়েকে সহ আরও শিক্ষার্থীদের তাদের কাছে প্রাইভেট পড়ানোর জন্য বাধ্য করেন। ওই শিক্ষকদ্বয়ের কাছে প্রাইভেট পড়াতে অনীহা প্রকাশ করায় তার মেয়েকে মানসিক নির্যাতন করেন। শ্রেণিকক্ষে ওই শিক্ষার্থীর সঙ্গে তার সহপাঠীদের চলাফেরা করতেও নিষেধ করেন। এতে করে ওই শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলে তার মা দাবি করেন। এ বিষয়ে বিয়াম জেলা স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করলেও তিনি বিষয়টা ওই শিক্ষকদের ব্যক্তিগত ব্যাপার বলে প্রতিকার কিংবা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেননি। মেয়েকে ওই শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ানোর কারণে শিক্ষার্থীর মায়ের সঙ্গে রূঢ় আচরণ করেন ওই শিক্ষকরা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই মেয়েকে আমার কাছে প্রাইভেট পড়াতে চাইলে তার মায়ের আচরণের জন‍্য আমি পড়তে নিষেধ করে দেই। তাই এখন আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

নিজের প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের প্রাইভেট পড়ান কি-না তা জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু কিছু স্পেশাল অভিভাবকের রিকোস্টে আমি স্কুলের কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াই।’

অভিযুক্ত আরেক শিক্ষক ইকবাল হোসেন এ সব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে জানান বিয়াম জেলা স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘এ ব্যাপারে শিক্ষার্থীর মা আমাকে কিছু জানাননি। যদি জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে থাকেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.