জামালপুরঃ জেলার মাদারগঞ্জের পলিশা উচ্চ বিদ্যালয়ের রুটিন মেরামতের কাজের দায়িত্ব না দেয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলামকে চড় মারা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির ২ সদস্যের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম জলিল ও আতাউর রহমান বাদল। গত বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
শিক্ষকের উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেছে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলছেন- তর্কবিতর্ক হয়েছে। চড় মারার মতো ঘটনা ঘটেনি।
জানা গেছে, বিদ্যালয়ের রুটিন মেরামতের কাজ নিজেরা করতে অভিযুক্ত ওই দুই সদস্য কয়েকদিন থেকেই ভারপ্রাপ্ত শিক্ষক সামিউল ইসলামকে চাপ দিচ্ছিলেন। কিন্তু এতে তিনি রাজি হননি। বুধবার সকালে কাজের জন্য ৬ জন শ্রমিক স্কুলে এলে অভিযুক্ত দুজন তাদের ধমক দিয়ে চলে যেতে বলেন। এ সময় সামিউল ইসলাম এর কারণ জানতে চান এবং শ্রমিকদের কাজে বাধা সৃষ্টি না-করার কথা বলেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সামিউল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে চড় মেরে লাঞ্ছিত করেন।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক ৯৯৯-এ ফোন দিলে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে পরিবেশ শান্ত করে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়।
সামিউল ইসলাম, ম্যানেজিং কমিটির ওই ২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের কাউকে তোয়াক্কা করেন না তারা। পেশীশক্তি ও সন্ত্রাসী মনোভাব পোষণ করেন।
তিনি এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজহারুল ইসলাম বিএসসি বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলা কিছুতেই মেনে নেব না। আমরা এমন ঘটনায় মর্মাহত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, ঘটনাটি ওই ভুক্তভোগী শিক্ষক আমাকে মুঠোফোনে জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগের পরামর্শ দিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা বলেন, আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলেছি। ঘটনাটি দুঃখজনক। অতি দ্রুত ব্যবস্থা নিতে সভাপতিকে নির্দেশনা দেয়া হয়েছে
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
