উপজেলা শিক্ষা কর্মকর্তার আড়াই বছরের জেল

চট্টগ্রামঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এক শিক্ষা কর্মকর্তাকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ।

বৃহস্পতিবার (১৫ জুন) এই রায় দেন তিনি।

দণ্ডপ্রাপ্ত হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদর। তিনি ঢাকা জেলার দোহার থানার দক্ষিণ জয়পাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ জানান, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ফটিকছড়ি উপজেলার শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে দেড় বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

অন্য একটি ধারায় তাকে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ের সময় আসামি আজিমেল কদর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সুত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে বদলির জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন আজিমেল কদর। এ ঘটনায় ২০১৯ সালের ২৭ মার্চ ওই শিক্ষক দুদক চট্টগ্রাম জেলা অফিসে অভিযোগ করেন। ২০১৯ সালের ২৮ মার্চ ফাঁদ পেতে ঘুষের ১০ হাজার টাকাসহ আজিমেল কদরকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক টিম। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে দুদক।

তদন্ত শেষে আদলতে চার্জশিট দেয় সংস্থাটি। ২০২০ সালের ১৯ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.