একের পর এক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস

ঢাকাঃ গত কয়েক মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রারের কন্ঠসদৃশ অন্তত ১৬টি নিয়োগ বাণিজ্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওগুলোতে ভাইভার আগে চাকরির প্রশ্নফাঁস, অর্থের বিনিময়ে বিভিন্ন নিয়োগ ও টেন্ডার প্রদান, নিয়োগ বাণিজ্যেও অর্থ প্রদান, শিক্ষক-কর্মকর্তাদের বিষয়ে নেতিবাচক মন্তব্য ইত্যাদি বিষয়ের কথোপকথন শোনা গেছে।

নিয়োগ বাণিজ্য সংক্রান্ত এসব একাধিক অডিও প্রকাশের পর দেশব্যাপী মানুষের মাঝে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের।

অডিও ফাঁসে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হলেও এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো মাথাব্যাথা নেই। অডিও ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে বিশ^বিদ্যালয় প্রশাসন দায়সারা একটি তদন্ত কমিটি গঠন করলেও অদৃশ্য কারনেই বন্ধ হয়ে আছে কমিটির কার্যক্রম। কমিটি গঠনের ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ৩ মাস পেরুলেও এখনো কোনো মিটিং হয়নি বলে জানিয়েছেন কমিটির সদস্য ও শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান। তিনি বলেন, ‘আহবায়ক কমিটির মিটিং ডাকবেন তারপর কাজ শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো চিঠি পাইনি।’

এ বিষয়ে কমিটির আহবায়ক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। বিভিন্ন ব্যস্ততার কারণে এখনো সেভাবে কাজ শুরু করতে পারিনি। খুব তাড়াতাড়ি শুরু করবো।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এগুলো খুবই বিব্রতকর এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মোটেই শুভকর নয়। এগুলার একটা সমাধান আসা উচিত। আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সরকারের ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে জানিয়েছি ও তদন্ত চেয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।’

নাম প্রকাশ না করার শর্তে বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এসব অডিও শুনে সাধারন মানুষ মনে করছে ইবিতে সত্যিই নিয়োগ বানিজ্য চলছে। যা আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। খুব শীঘ্রই এসব অডিওর রহস্য উদঘাটন করা উচিৎ।’

অডিওগুলি যদি আপনার না হয় তবে অডিও প্রকাশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেননা জানতে চাইলে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘নিয়োগ বোর্ড প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু অপশক্তি এসব বানোয়াট অডিও ছড়াচ্ছে। আমি তাদের শনাক্ত করতে না পারায় কোনো ব্যাবস্থা নিতে পারছিনা। সামনা সামনি আসুক আমি তাদের মোকাবেলা করবো।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.