ঢাকাঃ আন্দোলনরত চিকিৎসকদের সরকারবিরোধী ও জামায়াত-শিবির বলে আখ্যা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ডা. শারফুদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার মিল্টন হলে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করার পর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিডিয়ায় আন্দোলন নিয়ে বক্তব্য দেওয়ার পর তিনি মিল্টন হলে যান। যেখানে ছিল আন্দোলন চলাকালে তার পক্ষে স্লোগান দেওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সেখানে তিনি বলেন, টেকনোলজিস্ট, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা, আজকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। যারা এসব করছে তারা জামায়াত-শিবিরের লোক। আমি বলে দিতে চাই- কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। যারা করছে তারা জামায়াত-শিবির।
তিনি আরও বলেন, আজকে বিশ্ববিদ্যালয় ও সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সবাই মিলে মোকাবিলা করতে হবে। এই জামায়াত-বিএনপির খপ্পরে আমাদের লোকেরাও থাকতে পারে। একপর্যায়ে আন্দোলনকারীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় যারা ভিসির পক্ষে থেকে আন্দোলন করে গেছেন তাদের তিনি ধন্যবাদ দেন।
এর আগে ডা. শারফুদ্দিন আহমেদের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।
মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধীন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসক। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
আন্দোলনের একপর্যায়ে বিএসএমএমইউর চতুর্থ শ্রেণির কর্মচারী ও ননরেসিডেন্স চিকিৎসকদের পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়। এ সময় চতুর্থ শ্রেণির কর্মচারীরা ভিসির পক্ষে স্লোগান দিতে থাকে। আন্দোলনরত চিকিৎসকদের দাবি- চতুর্থ শ্রেণির কর্মচারীরা ভিসির মদদপুষ্ট হয়ে উদ্দেশ্যপ্রণোদিত উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। অন্যদিকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনের কারণ জানতে চাওয়া হলে তারা কথা বলতে রাজি হননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
