এইমাত্র পাওয়া

দেশে কোনও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে বর্তমানে কোনও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নাই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান— দেশে বর্তমানে কোনও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নাই।

সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৩৭ হাজার ৯২৬টি। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ২৯ হাজার ৮৫৮টি এবং সহকারী শিক্ষকের ৮ হাজার ৬৮টি। দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬ হাজার ৫৬৬টি। শূন্যপদগুলো পূরণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, প্রধান শিক্ষকের সরাসরি নিয়োগযোগ্য এক হাজার ৯৫৫টি শূন্যপদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গত ৪ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মকমিশনে চাহিদা পাঠানো হয়েছে।

তিনি জানান, রংপুর,বরিশাল ও সিলেট বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ২৮ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৩ মার্চ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের আরেক প্রশ্নে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৯৭১টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৪৫টি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.