নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নানা আলোচনা-সমালোচনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ‘প্রফেশনাল এলএলএম’ কোর্স নামের সান্ধ্যকালীন কোর্স চালুর কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত একটি চিঠি আইন বিভাগে পাঠিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) বিপুল কুমার সাহা স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, অনিবার্যকারণবশত: অত্র দফতরের ০২ মে তারিখের রেজিঃ/শিক্ষা- ৩/৭৬৭০৬-১১ এবং ১৭ মে তারিখের রেজিঃ শিক্ষা-৩/৭৯৯৮২-৮৭ নং চিঠির কার্যকারিতা স্থগিত করা হলো।
একইসঙ্গে, বিভাগ/অনুষদের উন্নয়ন ও বিকাশ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মরত বিভিন্ন পেশাজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কোর্স/একাডেমিক কর্মসূচি পরিচালনার জন্য সুচিন্তিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয়া হলো।
এতে আরো বলা হয়, আলোচ্য বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আইন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের সাথে গত ০১ জুন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত মাসের ১৭ তারিখে ‘প্রফেশনাল এলএলএম’ নামের সান্ধ্যকালীন কোর্স চালুর উদ্যোগ নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেয় আইন বিভাগ। পরবর্তীতে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা
এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিভাগটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আইন সমিতি’ এই কোর্স বন্ধের দাবি জানিয়ে উপাচার্যের সাথে দেখা করে। যার প্রেক্ষিতে উপাচার্য আইন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করে এই কোর্স স্থগিত ঘোষণা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
