নিজস্ব প্রতিবেদকঃ জৈষ্ঠের গরমে পুড়ছে প্রায় সারাদেশ। এ দাবদাহ থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঢাকাসহ ছয় বিভাগে স্বল্প পরিসরে হালকা বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (৪ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, চলমান তাপপ্রবাহ আরও ৫/৬ দিন অব্যাহত থাকতে পারে, একই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অনুভূতিও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিও হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা) রংপুরে ১৩, নিকলিতে ১৩, ফেনীতে ১২, শ্রীমঙ্গলে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
