রংপুরঃ জেলার পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে দুই মাস ধরে নদীর তীররক্ষা কাজে ব্যবহৃত ব্লক স্তূপ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কার কাছে অনুমতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান স্কুলমাঠ ব্যবহার করছে, তা জানেন না প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মহিবুল ইসলাম জানান, কুমেদপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন রসুলপুর বাজারে আঁখিরা নদীর ডান তীরে ১১০ মিটার প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে। এ কাজের জন্য ১০ হাজার ২৭৪টি ব্লক তৈরি ও স্থাপনে দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ পায় নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ববালা গ্রামের আনছার আলীর প্রতিষ্ঠান। চলতি বছরের ২৩ মের মধ্য কাজ শেষ করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান রমজান ও ঈদের ছুটিতে রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাথর ও বালু মজুত করে ব্লক তৈরি শুরু করে। সেগুলো এখনও সরানো হয়নি।
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক আবেদুল ইসলাম জানান, স্কুল বন্ধের সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠ ব্যবহার করেছে। কারও কাছে অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি। এ অবস্থায় সকালে স্কুল কার্যক্রমের আনুষ্ঠানিকতায় প্রতিবন্ধকতার পাশাপাশি পিটি-প্যারেড ও খেলাধুলা বন্ধ রয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি আবু ইব্রাহিম লাবু জানান, প্রধান শিক্ষক কিছুই জানেন না। ম্যানেজিং কমিটিও তাদের অনুমতি দেয়নি। ছুটি শেষে এক মাসের বেশি সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে মালপত্র স্থানান্তর করতে বললেও কর্ণপাত করছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান ভরত প্রসাদ জানান, স্কুল বন্ধ থাকায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে স্কুলমাঠ ব্যবহার করছেন।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ঠিকাদার ব্লক তৈরি করতে ফাঁকা জায়গা খুঁজে না পাওয়ায় তাদের বাজারের ফাঁকা জায়গা ব্যবহার করতে বলেছিলেন, স্কুল মাঠ নয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
