রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি (প্রক্সি) জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।
হাসিবুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রাবির ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরে তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক বলেন, ‘আটক প্রক্সিদাতাদের তথ্য অনুযায়ী আমরা নগরীর কাটাখালি এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করেছি। তিনি ইতিহাস বিভাগের শিক্ষার্থী। আমাদের কাছে সকল অপরাধীই অপরাধী।
সে যেই রাজনৈতিক মতাদর্শের হোক না কেন।’
ক্যাম্পাস ও প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে সাত জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩১ মে) সকালে ছাত্রলীগ নেতা শান্তসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলাগুলো দায়ের করেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। তাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসিবুল ইসলাম শান্ত প্রক্সিদাতাদের সঙ্গে ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার চুক্তি করেন। মঙ্গলবার আটক প্রক্সিদাতাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ তথ্য জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে বিষয়টি জানলাম।
যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
