ঢাকাঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ দুটি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ মে আয়োজন করা হতে পারে।
আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার বলেন, এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষা রয়েছে। মোখার কারণে স্থগিত হওয়া পরীক্ষা দুটি ২৪ ও ২৫ মে নেওয়ার চিন্তা করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি আগেই নেওয়া রয়েছে। স্থগিত পরীক্ষা আয়োজনে নতুন করে কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে স্থগিত হওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি শিগগির জানানো হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি কিছুদিনের মধ্যেই জানানো হবে। বিষয়টি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে রোববারের (১৪ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছিল ৫টি বোর্ডে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
