প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’

ঢাকাঃ ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ রাতে তীব্র আকার ধারণ করেছে এবং গত ৬ ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

কক্সবাজার ও চকপিউয়ে আঘাত হানার সময় ‘মোখা’ দ্বারা সৃষ্ট জলোচ্ছ্বাস নিয়ে আইএমডি একটি উচ্চ সতর্কতা জারি করেছে। আগের ১ দশমিক ৫ মিটার থেকে ২ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস সংশোধন করে আইএমডির সর্বশেষ আপডেটে বলা হয়- আঘাত হানার সময় জলোচ্ছ্বাসের উচ্চতা ২ মিটার থেকে ২ দশমিক ৫ মিটার হতে পারে।

আইএমডির সর্বশেষ আপডেট থেকে জানা যায়, ‘মোখা’ কক্সবাজার থেকে ১ হাজার ১০০ কিলোমিটার দূরে ছিল এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর দিকে অগ্রসর হতে পারে ও ১২ মে সকালে মধ্য বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ‘মোখা’ ধীরে ধীরে আরও তীব্রতার সঙ্গে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ১৪ মে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবে কক্সবাজার ও চকপিউয়ের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার হতে পারে এবং ১৭৫ কিলোমিটার পর্যন্ত দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, শ্রীমঙ্গল, সন্দ্বীপ, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.