এইমাত্র পাওয়া

আবরারের মৃত্যু, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

প্রথম আলোর সহযোগী শিশু-কিশোরদের ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তিতে এসে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

আজ রোববার কলেজটির সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ এ নোটিশ পাঠান।

দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক, সাময়িকী কিশোর আলোর সম্পাদক, তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে ক্ষতিপূরণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় ক্ষতিপূরণের ১০ কোটি টাকা নিহত নাইমুল আবরার রাহাতের পরিবারকে হস্তান্তর করতে বলা হয়েছে।

ক্ষতিপূরণ না দিলে প্রয়োজনীয় আইন পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তিতে এসেছিল আবরার। সেখানে বিকেলে অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

নাইমুল আবরার দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা মজিবুর রহমান প্রবাসী। তবে তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.