প্রথমবারের মতো চালু হল ঝুঁকিভাতা

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের জন্য প্রথমবারের মতো ঝুঁকিভাতা চালু করেছে কর্তৃপক্ষ। বছরে কমপক্ষে দুটি ঝুঁকিভাতা প্রদান করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রথম ঝুঁকিভাতা প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো ঝুঁকিভাতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।

ঝুঁকিভাতা পাওয়ার পর সোমবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ। একই সঙ্গে তারা উপাচার্য ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেছেন।

জানা যায়, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ঝুঁকিভাতা প্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের গতিশীল ও বহুমাত্রিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে উৎসাহের সঙ্গে বেশি বেশি কাজ করার অঙ্গীকার করেছেন।

নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা চালু হওয়ায় দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এর আগে বিগত কয়েকটি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আসলেও তা শুধু আশ্বাসের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমান উপাচার্য বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তা বাস্তবে রূপ নিল।

অধ্যাপক শারফুদ্দিন উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সাধারণ জরুরি বিভাগ, ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ, হেলথ কার্ড চালু, ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেলের প্রয়োগ, তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট ক্লিনিক চালু, গর্ভাবস্থায় ভ্রুণের ত্রুটির ঝুঁকি নির্ণয়ে পরীক্ষা চালু, শিক্ষক ও চিকিৎসকদের মাঝে গবেষণা অনুদান বৃদ্ধি করে ৪ কোটি টাকা থেকে ২২ কোটি ৪০ লক্ষ টাকায় উন্নীতকরণ, ব্রেন ডেথ রোগীর অঙ্গদানের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো সফল ক্যাডাভেরিক কিডনি ও কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.