এইমাত্র পাওয়া

জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি এ হার নির্ধারণ করেছে।

রবিবার বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম যব বা বাজার মূল্য ৩৯৬ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম খেজুর বা বাজার মূল্য এক হাজার ৯৮০ টাকা ও ৩ কেজি ৩০০ গ্রাম পনির বা এর বাজার মূল্য দুই হাজার ৬৪০ টাকা দিতে হবে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.