নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ স্বাস্থ্যখাতে নারীর উন্নয়নের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল কিন্তু বতর্মানে তারা এগিয়ে যাচ্ছেন। এবার এমবিবিএস কোর্সে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ হলেন নারী। ডাক্তার নিয়োগেও প্রায় ৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছেন।
শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর, পৌরসভা ও সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে ভালোবাসলে আপনাদের (শিক্ষক) দেশের সম্পর্কেও ভাবতে হবে; যাতে দেশ অগ্রগতি লাভ করতে পারে।
শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আজ বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। রাস্তাঘাট হয়ে গেছে এবং চিকিৎসা ব্যবস্থা দোরগোড়ায় পৌঁছে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নতি হয়েছে। পাকিস্তানের সময় দেশে মাত্র ৮-১০টি ইউনিভার্সিটি ছিল কিন্তু বর্তমানে দেশে দেড়শটি ইউনিভার্সিটি আছে। আগে মেডিকেল কলেজ ছিল মাত্র আটটি, বর্তমানে মেডিকেল আছে ১১০টি এবং বতর্মানে দেশে প্রায় ৭০ হাজার বিদ্যালয় আছে।
শিক্ষকদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ছেলে-মেয়েদের বইয়ের শিক্ষার পাশপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে; যাতে তারা সুন্দর চরিত্র গঠন করতে পারে। আজকাল পত্র-পত্রিকায় দেখি ছোট ছোট পোলাপান কিশোর গ্যাং হয়ে গেছে। এসব বিষয়ে প্রত্যেক শিক্ষককে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
