নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন (অতিরিক্ত দায়িত্ব) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ববির ডিপুটি রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপ সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে জানানো হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শিক্ষককে (সুপ্রভাত হালদার) ছকের বর্ণনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার-এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিধি মোতাবেক দায়িত্বভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবে, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
এতে আরো বলা হয়, একই সঙ্গে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন (ইংরেজি বিভাগ)-কে রেজিস্ট্রার-এর অতিরিক্ত দায়িত্ব হতে ১ এপ্রিল তারিখ অপরাহ্ণ থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি দেওয়া হলো।
প্রসঙ্গত, সুপ্রভাত হালদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শিক্ষক সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ২২ সেপ্টেম্বর থেকে আইন অনুষদের ডিন হিসেবেও নিয়োজিত আছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
