স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট শিক্ষা এবং স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এই স্মার্ট শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তিতে যেমন দক্ষ হবে, তেমনি সৃজনশীলতা ও মানবিকতার সমন্বয়ে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (১ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়াম উদ্বোধন ও নবীনবরণ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের লাগবে স্মার্ট শিক্ষা। আর তার জন্য লাগবে স্মার্ট শিক্ষার্থী। আর স্মার্ট শিক্ষার্থীর জন্য আমাদের শিক্ষাখাতকে ঢেলে সাজাতে হবে, রূপান্তর করতে হবে। আমরা রূপান্তরের সেই কাজটি শুরু করেছি। এতে যেমন শিক্ষার্থী এবং অভিভাবকরা উচ্ছ্বসিত, ঠিক তেমনি আমাদের সমাজের একটি অংশ এই বিষয়টিকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের একটা অপচেষ্টা চালাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, এখন আমাদের প্রুযুক্তির ব্যবহার করতেই হবে। তবে প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীলতার সাথে। চটকদার কিছু দেখে সঙ্গে সঙ্গে লাইক শেয়ার দিলে হবে না। এক্ষেত্রে আঙুল যেমন দ্রুত চলবে, তেমনি এর সাথে ব্রেনেরও একটা যোগাযোগ থাকতে হবে। যাতে অসত্য, বিভ্রান্তিকর তথ্য বা লেখা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট দিয়ে আমরা যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার অংশীদার না হই বা কোন ধরনের অস্থিরতা বা অস্থিতিশীলতা যাতে তৈরি না হয়। বিষয়টির প্রতি আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ডিজিটাল ফ্রুটপ্রিন্টে, অর্থাৎ ইন্টারনেটে আমি আজ যা কিছু দিচ্ছি, তা কিন্তু থেকে যাচ্ছে। এটাই কিন্তু একদিন ঘুরে আসবে। তাই আমাদের কনটেন্ট, লাইক, শেয়ার যেন আমাদের জন্য সুন্দর হয়। যখন যা শেয়ার করি বা লিখি, তা যেন দায়িত্বশীলতার সঙ্গে হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
