এইমাত্র পাওয়া

শুধু বহিষ্কার নয় অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল চান ফুলপরী

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। এর প্রতিক্রিয়ায় ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন বলেছেন, উপযুক্ত শাস্তি এরা পেতে শুরু করেছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্থায়ী বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল চাই।

বুধবার (০১ মার্চ) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলপরী খাতুন নামে ইবির নবীন শিক্ষার্থীকে রাতভর নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। তারা হলেন, ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, একই শাখার কর্মী তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন ঊর্মি, ইসরাত জাহান মিম এবং মোয়াবিয়া জাহান।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ফুলপরী খাতুন বলেন, ‘এরা বহিস্কারেরই যোগ্য৷ সেই রাতগুলোতে আমার ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, তার উপযুক্ত শাস্তি তারা পেতে শুরু করেছে। সবেমাত্র ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার নয় আমি তাদের স্থায়ী বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল চাই। তা না হলে ক্যাম্পাসে ফিরলে আমাকে মেরে ফেলার আশঙ্কা থাকবে।’

ক্যাম্পাসে কবে ফিরতে চান- এমন প্রশ্নে ফুলপরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলে ক্যাম্পাসে ফিরে যাবো।’

গত ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যায়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী খাতুনকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। ভুক্তভোগী এই শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা সেদিন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ফুলপরী।

এ ঘটনায় শাখা ছাত্রলীগ চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটির প্রতিবেদন গত রবিবার মধ্যরাতে ইমেইলের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.