চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর পর্যটন কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে শাহরিয়ার ইশতিয়াক শামস নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সৌমিক দে নামে আরেক শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
শাহরিয়ার ইশতিয়াক শামসের বাড়ি কুষ্টিয়ার পুলিশ লাইনস এলাকায়। তার বাবার নাম জাহিদুল ইসলাম ও মায়ের নাম শ্যামলী শ্যামা। নারায়ণগঞ্জে পরিবারের সদস্যদের সঙ্গে থাকত সে। তবে এ দুর্ঘটনার শিকার সৌমিক দে-র ঠিকানা পাওয়া যায়নি। দুজন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক শাহিদুর রহমান জানান, নিখোঁজ সৌমিককে উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭০০ শিক্ষার্থী ও ৭৫ জন শিক্ষক একটি লঞ্চে শিক্ষা সফরে এলে এ দুর্ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষা সফরের অংশ হিসেবে ৭০০ শিক্ষার্থী ও ৭৫ জন শিক্ষক এমভি প্রিন্স কামাল নামের লঞ্চে মোহনপুর পর্যটন কেন্দ্রে শিক্ষা সফরে যায়। দুপুরের পর শিক্ষার্থীদের কয়েকজন লঞ্চ থেকে নেমে ওই পর্যটন কেন্দ্রের মেঘনাপাড়ে খেলতে নামলে জোয়ারের পানিতে দুজন ভেসে যায়। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদের খবর দেয়া হয়। বিকেলে শামসের মরদেহ উদ্ধার করা হয়। সৌমিক দে-র সন্ধান মেলেনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
