ভ্যানে ৩০ কিমি, নৌকায় পদ্মা পাড়ি দিয়ে ইবিতে আসছেন ফুলপরী

শিক্ষাবার্তা ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের নির্যাতনের ঘটনার তদন্তের স্বার্থে ফের ক্যাম্পাসে আসতে হয়েছে ফুলপরীকে । এতে ভোক্তভোগী ফুলপরী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তার ভ্যানচালক বাবা আতাউর রহমান।

আতাউর রহমান বলেন , আমার বাড়ি থেকে ক্যাম্পাসে আসতে অনেক বেগ পোহাতে হয়। বাড়ি থেকে ৩০ কিলোমিটার পথ ভ্যানে পাড়ি দিয়ে আসতে হয় পদ্মানদীর ঘাট পর্যন্ত। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় শিলাইদহ (কুমারখালী, কুষ্টিয়া) ঘাটে পৌঁছাতে হয়। এরপর কয়েক দফা গাড়ি পরিবর্তন করে ক্যাম্পাসে আসতে হয়।

তিনি বলেন, দীর্ঘ এ পথ আসা যাওয়ায় মোট ৮ ঘণ্টা সময় ব্যয় হয়। দুইজনের ৬শত টাকা ভাড়া লাগে। এভাবে টানা আসা যাওয়ায় আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। যেখানে আমার একদিন কাজ না করলে পেট চলে না, সেখানে কয়েকদিন ধরে কোনো কাজ করতে পারছি না।

তিনি বলেন, প্রশাসন চাইলে নিরাপত্তা দিয়ে ক্যাম্পাসেই রাখতে পারতো আমার মেয়েকে। এ পর্যন্ত মোট চারদিন আসছি ক্যাম্পাসে। দেখা গেছে, বিকেলে ফোন দিচ্ছে সকালে আসুন। তখন সকালে কিছু খেয়েই ভ্যানে করে মেয়েকে নিয়ে বের হয়ে পড়ি। তবু আসছি। কেবল সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচারের স্বার্থে। মেয়েটা আমার শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে।

এভাবে টানা জার্নি করে কোনো অনীহা কাজ করছে কিনা এমন প্রশ্নের জবাবে আতাউর রহমান দৃঢ়কণ্ঠে বলেন, না কোনো অনীহা নাই। সুষ্ঠু বিচারের জন্য আমাদের আসতে হবেই। নির্যাতনের বিচাররের দাবিতে আমরা আসব, না আসলে বিচার পাব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ফুলপরীকে মারধর করে তার বিবস্ত্র ভিডিও ধারণ করে রাখেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.