এইমাত্র পাওয়া

জুতা পায়ে বেদীতে প্রধান শিক্ষক, নিজেই দিলেন ছবি পোস্ট!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার দেবীদ্বারে শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন এক স্কুলের প্রধান শিক্ষক। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ে।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ সময় স্কুলে নির্মিত শহীদ মিনারের বেদীতে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জুতা পায়ে উঠে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় কয়েকটি ছবি তুলে প্রধান শিক্ষক তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

শিক্ষকের জুতা পায়ে শহীদ বেদীতে ফুল দেওয়ার আরো কয়েকটি ছবি স্থানীয় একাধিক ব্যক্তি পোস্ট করেছেন। ঘটনার ঘণ্টাখানেক পর জুতা পায়ের ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন ওই শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ঠিক হয়নি। এমন ঘটনা আর ঘটবে না।’

মহেশপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ডালিম মিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ছবিটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.