নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুরের কারমাইকেল কলেজের জিএল হোস্টেল এ হামলা ও ভাঙচুর করেছে বহিরাগতরা। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০দিকে ক্যাম্পাসে গিয়ে কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিএল হোস্টেলে বহিরাগতরা ভাঙচুর ও হামলা চালায়।
শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসের বাংলামঞ্চের সামনে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের আহসান নামে এক শিক্ষার্থীর সঙ্গে বহিরাগত এক মাদকাসক্ত যুবকের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে বহিরাগতদের একটি গ্রুপ ওই শিক্ষার্থীর ওপর হামলা করে। পরে জানতে পেরে অন্যান্য শিক্ষার্থীরা এসে বহিরাগতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪০ থেকে ৫০ জন বহিরাগত ছেলে দেশিয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসের জিএল হোস্টেল এ হামলা চালায়। এ সময় তারা কয়েকটি কক্ষে ভাঙচুর করে। এ ঘটনায় হল মনিটর আকিমুল ইসলাম ইমনসহক প্রায় ১০ জনের মতো শিক্ষার্থী আহত হন। আকিমুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পরই বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তার, ক্যাম্পাসে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কলেজ অধ্যক্ষ তাদের সঙ্গে কথা বলতে গেলে অধ্যক্ষকে জিএল হোস্টেলে অবরুদ্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ তুলে নেয় শিক্ষার্থীরা।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ি ক্যাম্পাসে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের ব্যবস্থা করা হবে।
রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল কাদের বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ কতৃপক্ষের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
