নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার মুরাদনগরে একটি মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের নারী শিক্ষককে শ্লীলতাহানি ও ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ওই অধ্যক্ষের বিরুদ্ধে।
এসব ঘটনায় ওই অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ওই প্রতিষ্ঠানের ভুক্তভোগী শিক্ষিকা, শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকাবাসী।
এ সময় অধ্যক্ষকে দ্রুত অপসারণ করা না হলে পরীক্ষা ও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
ঘটনাটি উপজেলার খুরুইল সিনিয়র আলিম মাদরাসার। অভিযুক্ত অধ্যক্ষের নাম মো. আনিসুর রহমান মোল্লা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদসার সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন শেষে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঁইয়া জনীর কাছে ভুক্তভোগীসহ ১৭ শিক্ষক ও এলাকাবাসী একটি অভিযোগপত্র দাখিল করে।
মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আলমগীর কবির বলেন, আনিসুর রহমান মোল্লার কাছে ছাত্রী ও নারী শিক্ষকরা কেউ নিরাপদ নয়। তার অপকর্মের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তিনি মাদরাসার রেগুলেশন বই, আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সরিয়ে ফেলেছেন। প্রায় ১০ বছর আগে দুর্নীতির প্রমাণ পাওয়ায় মুরাদনগরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল আহম্মেদ তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলায় অধ্যক্ষ জেলও খেটেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাদরাসার সহকারী শিক্ষক মো. শাহজাহান, ইংরেজি প্রভাষক ফিরোজুল আলম, বাংলা প্রভাষক সেলিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, আলামুল হুদা মাস্টার, মো. সেলিম, মো. রহুল আমিন সরকার, অভিভাবক সদস্য আহম্মদ মুন্সি, মো. আবদুস সালাম, একরামুল হক, মো. হেলাল মুন্সি প্রমুখ।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মো. আনিসুর রহমান মোল্লা বলেন, ‘আমি শিগগিরই এই প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় চলে যাব। এই মর্মে আমি শিক্ষক ও এলাকাবাসীর কাছে লিখিত দিয়েছি। আমি কোনো বিশৃঙ্খলা চাই না।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
