ভিকারুননিসায় ৮ বোনকে ভর্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় প্রথম শ্রেণিতে আট সহোদরাকে ভর্তির নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ শিক্ষার্থীদের পক্ষে তাদের অভিভাবকদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানিতে ইউনুছ আলী আকন্দ বলেন, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে। এই আট সহোদরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সমস্যা হচ্ছে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। এরপর এই আট শিশুর অভিভাবক পরিপত্রটি চ্যালেঞ্জ করে রিট করেছিলেন।

কারণ তারা যখন আবেদন করে তখন ৫ শতাংশের বিধান ছিল না। তাই এ আট শিক্ষার্থীর ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতার বিধান স্থগিত করে রুল জারি করে আদালত তাদের ভর্তির নির্দেশ দিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.