শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের জায়গা দখল করে অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণ নিয়ে চলছে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের বুড়িরবাজারে।
জিএস স্কুলের প্রধান শিক্ষিকা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শনিবার সকাল থেকে আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বর্তমানে কাজ চলমান রয়েছে।
জানা গেছে, আদিতমারী উপজেলা আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত। দলীয় অফিস দখল নিয়ে দুই গ্রুপে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে। একটি গ্রুপ মন্ত্রীর অনুসারী অপরটি শহীদ সুরুজ অনুসারী। সুরুজ অনুসারীরা উপজেলা আওয়ামী লীগ অফিস নিয়ন্ত্রণে নেয়। মন্ত্রী অনুসারীদের নেই দলীয় অফিস।
মন্ত্রী অনুসারীরা সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব জায়গায় স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অস্থায়ী দলীয় কার্যালয় নির্মাণ কাজ শুরু করে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ দলীয় কার্যালয় নির্মাণ কাজ বন্ধ করতে বললেও কোনো কর্ণপাত করেনি মন্ত্রী অনুসারীরা।
এ নিয়ে সরকারি স্কুল কর্তৃপক্ষ সঙ্গে আওয়ামী লীগ নেতাদের উত্তেজনা চলছে। পরে প্রধান শিক্ষিকা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তার নির্দেশে থানায় জিডি করেন।
সরজমিন ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে ঘরের সিঁড়ি দাঁড় করানোর পাশাপাশি কাঠের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
এ বিষয়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের দাবি করেন।
এ বিষয়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. রবিউল ইসলাম মানিক জানান, বিষয়টি জানি না তবে জেনে জানাবো। এদিকে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা বলেন, আমাদের প্রতিষ্ঠানের জায়গায় কোনোকিছু না বলে জোরপূর্বক অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণের কাজ করছেন তারা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৌখিকভাবে কাজ বন্ধের কথা বলা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্ট থানাকে অবগত করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ প্রসঙ্গে কথা বলার জন্য আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় জিডি দিয়েছে গিরিজা শংকর সরকারি স্কুল এর প্রশাসনিক প্রধান। বিষয়টি দেখা হচ্ছে।
এ ব্যাপারে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ইউএনও জি আর সারোয়ার বলেন, বিষয়টি জানার পর কাজ বন্ধ করার জন্য ওসিকে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
