প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

ব‌ঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সুব্রত রায় এক বিবৃতিতে প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন । নেতৃবৃন্দ বলেন, শিক্ষকেরা রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তনের আন্দোলন করছে না। তারা বঙ্গবন্ধু ও তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে আন্দোলন করছেন। শিক্ষকদের এ আন্দোলন প্রাথমিকে বেতন বৈষম্য দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাস ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আন্দোলন।

বেতন বৈষম্য নিরসন বা বৈষম্য নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারও আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করবেনা শিক্ষকরা । নেতৃবৃন্দ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সময় ক্ষেপণ না করে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব কার‌ও জন্য অপেক্ষা না করে সরাসরি প্রধানমন্ত্রীর দারস্থ হ‌ওয়ার আহ্বান জানান ।

ব‌ঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতৃবৃন্দ আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন না করে কর্তৃপক্ষ পরিপত্র জারির মাধ্যমে ভয় দেখিয়ে শিক্ষকদের সাথে বিমাতাসুলভ আচরণ করছেন। এসব প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির অন্তরায়। প্রাথমিক শিক্ষকদের মাঝে হতাশা, ক্ষোভ ও ঘৃণা নিয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করা কিছুতেই সম্ভব নয়। ১ দফা দাবিতে দেশের সকল প্রাথমিক শিক্ষক আজ ঐক্যবদ্ধ। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের সঠিক তথ্য তুলে ধরে বেতন বৈষম্য দূর করে শীঘ্রই শিক্ষকদের আস্থা লাভ করার জন্য প্রাথমিক শিক্ষা পরিবারের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এ আন্দোলনের যে সব শিক্ষক বা নেতা শিক্ষকদের স্বার্থবিরোধী কাজ করবে তারা মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থি হিসেবে চিহ্নিত হবে। সাধারণ শিক্ষকদের কাছে তারা তিরস্কৃত হয়ে থাকবে ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.